Sunday, September 23, 2012

হট্টগোলের মধ্যে নিউ ইয়র্কে শেখ হাসিনা







বিমানবন্দরে ব্যাপক হট্টগোলের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর শুরু হয়েছে।

নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে রোববার স্থানীয় সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছান শেখ হাসিনা।

ওই সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জড়ো হওয়া আওয়ামী লীগ সমর্থকরা মুহুর্মূহু স্লোগান দিচ্ছিল। অন্যদিকে কালো পতাকা নিয়ে জড়ো হয় বিএনপি সমর্থকরা।

বিমানবন্দরে দুই পক্ষের অবস্থানের কারণে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মাঝখানে অবস্থান নেয়। কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে গাড়িতে চড়ে হোটেলে যান শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেছেন প্রধানমন্ত্রী। আট দিনের সফরে ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।

শেখ হাসিনার এই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে কদিন ধরে প্রবাসী বাঙালিদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। দুই বছর আগে একই ধরনের সফরে সংঘর্ষ ঘটায় তৎপর ছিল আইন-শৃঙ্খলা বাহিনীও।

ফলে নিরাপত্তার কড়াকড়ির কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেমন শেখ হাসিনার দেখা পাননি। তেমনি কালো পতাকা নিয়ে ভেতরে ঢুকতে পারেননি বিএনপি, তারেক পরিষদ ও যুবদলের নেতা-কর্মীরাও।

শেখ হাসিনা বিমানবন্দরে নামার পরপরই বাইরে পাল্টাপাল্টি স্লোগানে তুমুল হট্টগোল শুরু হয়। দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির উপক্রম হলে নিরাপত্তা রক্ষীরা দুই পক্ষকে থামায়।

কয়েকশ পুলিশ দুই পক্ষকেই ঘিরে রাখে। শুধু তাই নয়, শেখ হাসিনাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে এরাইভাল টার্মিনালের সব ফটক বন্ধ করে দেয়া হয়। খোলা রাখা হয় একটিমাত্র ফটক, তাতেও ছিল কড়া পাহারা, সাংবাদিকদেরও ছাড় দেয়া হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরাইভাল টার্মিনালের বিশেষ ফটক দিয়ে হোটেলে রওনা হওয়ার অন্তত ১০ মিনিট পর সবাই তা জানতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারটি তদারকি করছে জাতিসংঘ। তারা যেভাবে চেয়েছেন সেভাবেই ঘটছে সবকিছু।”

বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি, এ কে এ মোমেন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের।

দু’বছর আগে জেএফকে বিমানবন্দরে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্ষক্ষয়ী সংঘাত হয়েছিল। সে কারণেই এবার নিরাপত্তার কড়াকড়ি ছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী।

বিমানবন্দরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, জ্যেষ্ঠ সহসভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী প্রমুখ।

এই কর্মসূচির বিষয়ে সিদ্দিকুর রহমান  বলেন, শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। তাই তাকে সাদর সম্ভাষণ জানানোর দায়িত্ব হচ্ছে প্রতিটি বাংলাদেশির।

গত সাড়ে ৩ বছরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ২৬ সেপ্টেম্বর ‘নাগরিক সংবর্ধনা’ দেয়ার প্রস্তুতিও নিয়েছে।

অন্যদিকে শেখ হাসিনাকে কালো পতাকা দেখাতে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সরাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, গোলাম ফারুক শাহীন, এম এ বাতিন, আবু সাঈদ আহমেদ, বেলাল মাহমুদ, জসীমউদ্দিন, এম এ খালেক প্রমুখ।
‘বিশ্ব ব্যাংক নতুন কোনো শর্ত দেয়নি’


 
পদ্মা প্রকল্পে ফিরে আসার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক নতুন কোনো শর্ত দেয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্ব ব্যাংকের ফেরার ক্ষেত্রে আগের চার শর্তের সঙ্গে নতুন কয়েকটি যোগ হয়েছে বলে সংবাদপত্রে খবর প্রকাশের মধ্যে রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

বহু জল ঘোলা হওয়ার পর পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফেরার ঘোষণা আসার পর সপ্তাহের প্রথম কার্যদিবসে ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক নতুন কোনো শর্ত দেয়নি।”

দুর্নীতির অভিযোগ তুলে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে গত বছরের সেপ্টেম্বরে চারটি শর্ত দিয়েছিল বিশ্ব ব্যাংক। তা পূরণ হয়নি জানিয়ে গত ২৯ জুন ১২০ কোটি ডলারে ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি।

এরপর সরকার পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরাতে নানামুখী তৎপরতা শুরু করে সরকার। সমালোচনার মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ছুটিতে যান সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন, প্রকল্প থেকে সরানো হয় ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে।

সব শর্ত পূরণের পর গত ২০ সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যংক।

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানোর কারণেই বিশ্ব ব্যাংক ফিরে এসেছে কি না- এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ইকবাল মাহমুদ বলেন, “পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে ফিরে আসার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক যে শর্ত দিয়েছিল, তা পূরণ হয়েছে বলেই তারা ফিরে এসেছে।”

আগের চুক্তি বাতিল হওয়ায় বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে কি না- জানতে চাইলে সচিব ইকবাল মাহমুদ স্পষ্ট কিছু বলতে পারেননি।

“বহুজাতিক এই আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধি দল অচিরেই ঢাকায় আসছে। তাদের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি চূড়ান্ত হবে,” বলেন তিনি।

সচিব বলেন, “পদ্মা সেতু প্রকল্প একটি চলমান প্রকল্প। এর কাজ চলছে। জাইকা ইতোমধ্যে তাদের ঋণচুক্তির মেয়াদ বাড়িয়েছে। এডিবি এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি। বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকার যে টিম আসবে তারাই সরকারের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়ন কৌশল ঠিক করবে।”

বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকার প্রতিনিধিরা ওয়াশিংটন, ম্যানিলা ও টোকিও থেকে আগামী সপ্তাহেই ঢাকায় আসবে বলে জানান তিনি।

ইকবাল মাহমুদ আরো বলেন, তার আগে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে আলোচনার জন্য বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।

“তারা সরকারের সঙ্গে আলোচনা করে দুর্নীতির অভিযোগের তদন্ত ও প্রকল্প বাস্তবায়নের বাস্তব কৌশল নির্ধারণ করবেন,” বলেন তিনি।

পদ্মা সেতু প্রকল্পকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে সচিব বলেন, “আমরা (সরকার) কত দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করব, সেটাই এখন বড় বিষয়।”

“সরকার পদ্মা সেতু প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও দুর্নীতির অভিযোগ তদন্তে সহ-অর্থায়নকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে,” যোগ করেন তিনি।

বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিল সরকার। এ জন্য তহবিল সংগ্রহে ব্যাংক হিসাবও খোলা হয়।

ওই অনুদানের অর্থের কী হবে- জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, “বিশ্ব ব্যাংকসহ অন্য তিন দাতা সংস্থা যে অর্থায়ন করবে, তার বাইরেও অর্থের প্রয়োজন হবে। অনুদানের অর্থ সেখানে ব্যয় করা হতে পারে।”

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসার ক্ষেত্রে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য ও চীন সরকারের গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরে দেশগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব।


একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী 
পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর এপ্রিল-মে মাসে

চুক্তি বাতিল করে আবার তা পুনর্বহাল বিশ্বব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এখন আমরা দুর্ভাবনামুক্ত
আগামী বছর এপ্রিল-মেতে স্বপ্নের পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রয়োজনীয় দরপত্র আহ্বান করা হবে নভেম্বরে। দরপত্র চূড়ান্ত করা সম্ভব হবে জানুয়ারিতে। বিশ্বব্যাংক ও অন্য দাতাদের সঙ্গে কথা বলার পর পদ্মা সেতু নির্মাণ কাজের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হবে। গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে নিজ কার্যালয়ে সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে পদ্মা সেতু নিয়ে নানা কথা বলেন।
কাজ শুরু করতে দেরি হওয়ায় এর নির্মাণ ব্যয় বাড়বে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নির্মাণ ব্যয় সামান্য বাড়তে পারে। বাড়তি ব্যয় ১০ থেকে ১৫ কোটি ডলারের বেশি হবে না। প্রকল্প এলাকার পুনর্বাসনের কাজ শেষ হয়েছে। জাজিরা অংশের সংযোগ সড়কের কাজও চলছে। এসব কাজ তো এগিয়েই রয়েছে। সব কাজ নতুন করে শুরু করতে হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, খুব সম্ভবত সেটা করতে হবে না। এডিবি ও জাইকা তা চাইছে না। কারণ এতে আরও অনেক সময় লেগে যাবে। তবে এ বিষয়টি দাতা সংস্থাগুলো সবাই মিলে নির্ধারণ করবে। কিছু বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে সে ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত নই।
অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের ফিরে আসা আমাদের জন্য একটি আনন্দময় সুসংবাদ। চুক্তি বাতিল করে আবার তা পুনর্বহাল বিশ্বব্যাংকের ইতিহাসে নজিরবিহীন। তারা ১০ দিন সময় চেয়েছিল। আমরা বলেছিলাম, তিন দিনের মধ্যে আসুন। আশা করছি খুব শিগগিরই তারা আসবে। তারা আসার পর অন্য তিন দাতা জাইকা, এডিবি ও আইডিবির প্রতিনিধিদের সঙ্গে একসঙ্গে বৈঠক হবে। শিগগিরই বিশ্বব্যাংকের একাধিক টিম আসছে। তিনি বলেন,
'বিশ্বব্যাংকের ফিরে আসার বিষয়ে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সাহায্য করেছে। জাপান তো সব সময় আমাদের সঙ্গেই ছিল। ভারত তো ছিলই। সারাদেশ যখন পদ্মা সেতুর বিষয়ে উদ্বিগ্ন, ঠিক তখন বিশ্বব্যাংকের ফিরে আসা সার্বিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। আমরাও চূড়ান্ত কোনো ফলাফল না পাওয়া পর্যন্ত দুুশ্চিন্তায় ছিলাম। এখন আমরা দুর্ভাবনামুক্ত। এখন আমরা বলতে পারি, পদ্মা সেতু হচ্ছে।' অর্থমন্ত্রী আরও বলেন, আমি বারবার বলে আসছিলাম যে, বিশ্বব্যাংক যে অপবাদ দিয়েছিল, তাতে ভুল ছিল। তারা যে ভুল করেছিল, তা একদিন প্রমাণিত হবে।'
মালয়েশিয়ার প্রস্তাবের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, 'মালয়েশিয়াকে অখুশি হওয়ার মতো কিছুই করা হবে না। তাদেরকে আমরা পিপিপির অধীনে অন্য প্রকল্প বাস্তবায়নের অফার দিতে পারি। আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাদের প্রস্তাব কাজে লাগাতে পারব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনের কাজও শুরু হবে। মালয়েশিয়াকে এ ধরনের কোনো প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিতে পারি। তাদের সঙ্গে আমরা কথা বলব। পদ্মা সেতু নিয়ে অনিশ্চয়তার মুহূর্তে তারা এগিয়ে এসেছিল। এ কথা আমরা ভুলব না।
বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, 'তিনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে। তিনি এ ধরনের সিদ্ধান্ত দিতে পারেন না। আমাদের ওপর যে অপবাদ দেওয়া হয়েছে, শুরু থেকেই তার বিরোধিতা করে আসছি। সুবিধাজনক কোনো সময়ে দেশবাসীকে সব বিষয়ে বিস্তারিত অবহিত করব।'
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক গত বছর সেপ্টেম্বরে তাদের কথিত দুর্নীতি সংক্রান্ত চিঠি দেয়। আমরা অক্টোবরে তাদের চিঠির উত্তর দিই। তারা অক্টোবরে কোনো উত্তর না দিয়ে বারবার সময় নিতে থাকে। তারা সম্পূর্ণ সন্দেহের বশবর্তী হয়ে ঋণচুক্তি বাতিল করে। এর পেছনে অন্য আর কোনো কারণ ছিল কি-না তা কোনো না কোনো সময় জানা যাবে। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপের স্বচ্ছতা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। দুর্নীতির যে অভিযোগ তিনি করেছিলেন, তার কোনো প্রমাণ দেওয়া হয়নি।
অর্থমন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়ার পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। নিজের কাঁধে মিথ্যা অপবাদের বোঝা নিয়ে সরে যাওয়ার এক নজির সৃষ্টি করেছেন তিনি। আবুল হোসেন পদত্যাগ করার সময় আমাকে বলেছিলেন, দুর্নীতির অপবাদ নিয়ে পদত্যাগের কারণে আগামী নির্বাচনে তার ওপর প্রভাব পড়তে পারে। তবুও তিনি দেশের বৃহত্তর স্বার্থে পদত্যাগ করেন। অর্থমন্ত্রী বলেন, মসিউর রহমানকেও মিথ্যা অপবাদে সরে যেতে হলো। এমন এক সময় আসবে, যখন তারা দু'জনই নিজেদের নির্দোষ প্রমাণ করবেন। এ জন্য হয়তো আমাদের কিছুুদিন অপেক্ষা করতে হবে।
বিশ্বব্যাংক ফিরে না এলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য অভ্যন্তরীণ সূত্র থেকে অর্থ সংগ্রহের যে সিদ্ধান্ত হয়েছিল তা এখন আর কার্যকর নয় বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, পদ্মা সেতুতে সাড়ে ছয়শ' মিলিয়ন ডলার অর্থ জোগান দিতে হবে বাংলাদেশকে। এর জন্য চাঁদা সংগ্রহের প্রয়োজন নেই।

‘অন্য কোনো ফর্মুলা নয়, তত্ত্বাবধায়কই চাই’

 
নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো পন্থা মেনে না নেয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

রোববার দিনাজপুরের জনসভায় তিনি বলেছেন, “কোনো ফর্মুলায় কাজ হবে না। দলীয় নয়, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।”

“তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করব, সরকার পালানোর পথ পাবে না,” একইসঙ্গে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের কারণে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।

নির্বাচনকালে সরকার অর্র্ন্তবতী সরকারের দায়িত্ব পালন করবে বলে সরকারি দলের নেতারা বলে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বলেছেন, নির্বাচনের সময় মন্ত্রিসভা ছোটও হতে পারে।

নির্বাচনকালে মন্ত্রিসভায় বিরোধী দলকে স্থান দেয়ার কথাও ইতোপূর্বে বলেছেন প্রধানমন্ত্রী। তবে দিনাজপুরে জনসভায় প্রধানমন্ত্রীর প্রস্তাব স্পষ্টতওই প্রত্যাখ্যান করলেন বিরোধী নেতা।





Friday, September 21, 2012


মহানবীকে (সা.) অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ : বায়তুল মোকাররম এলাকায় বিভিন্ন ইসলামী সংগঠনের বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ‘ইনোসেন্স অব মুসলিম’ নামক সিনেমা তৈরির প্রতিবাদে এবং এর নির্মাতা স্যাম ভেসেলির ফাঁসির দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, ছাত্র জমিয়ত ও ছাত্র মোর্চার উদ্যোগে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর শাহবাগ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে মহানবীর (সা.) অবমনানাকারী চলচ্চিত্রকারের ফাঁসি দাবি করেন। বিক্ষোভকারীরা মার্কিন পতাকায় অগ্নিসংযোগ, মার্কিন প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ এবং মার্কিন পতাকায় মোড়ানো প্রতীকী কাফনে অগ্নিসংযোগ করেন। এ সময় ওই এলাকায় ব্যাপক পুলিশ ও র্যাব মোতায়েন ছিল।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটি : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আইন বাস্তবায়ন ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ওই কুখ্যাত চলচ্চিত্রের নির্মাতাকে যদি ফাঁসি না দেয়া হয় এবং মার্কিন প্রেসিডেন্ট যদি বিশ্ব মুসলিমের কাছে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা না করে, তাহলে গোটা বিশ্বের মুসলমানরা মার্কিন পণ্য বর্জনসহ মহানবীর (সা.) অবমাননার দাঁতভাঙা জবাব দেবে। এ সময় মার্কিন
পতাকা ও প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ হয়। একই দাবিতে গতকাল দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করে সংগঠনটি।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর আমির মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট মহাসচিব ও কমিটির নায়েবে আমির মাওলানা আবদুল লতিফ নেজামী। বিশেষ অতিথি ছিলেন কমিটির নায়েবে আমির মাওলানা জাফরুল্লাহ খান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল কাশেম, অধ্যাপক এহতেশাম সরোয়ার, মাওলানা শেখ লোকমান হোসেন, মাওলানা শেখ মজিবুর রহমান প্রমুখ।
মাওলানা নেজামী বলেন, পশ্চিমা বিশ্ব আজ মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড শুরু করেছে। এই ষড়যন্ত্র অব্যাহত রাখলে মুসলিম বিশ্ব থেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেয়া হবে। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পুরানা পল্টন, তোপখানা রোড হয়ে প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন : ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ফ্রান্সের ম্যাগাজিনে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদের (সা.) বিরুদ্ধে অবমাননাকর সিনেমা নির্মাণ করে বিশ্বময় অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলমানদের অন্তরের এই জিহাদি আগুন ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেবে ইনশাআল্লাহ। মহানবীর (সা.) অবমাননা বিশ্বের দেড়শ’ কোটি মুসলমান কোনোক্রমেই সহ্য করবে না।
তিনি গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে মহানবী হজরত মুহাম্মদের (সা.) অবমাননা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, প্রচার সম্পাদক মাওলানা এইচএম সাইফুল ইসলাম প্রমুখ।
ইসলামী ও সমমনা ১২ দল : মহানবীর (সা.) অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও আজ পল্টনের মহাসমাবেশ সফলের আহ্বানে রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করে ইসলামী ও সমমনা ১২ দল। বাদ জুমা সারাদেশের মসজিদে মসজিদে প্রতিবাদ ও বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীর ঢাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল করে শাহবাগে জড়ো হলে ইসলামী ও সমমনা ১২ দলের নেতারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ বলেন, মহানবীর (সা.) সম্মান হেফাজত ও ইসলাম নির্মূল চক্রান্তকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ইমানি এ মহাসমাবেশ বাস্তবায়ন করতে হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুল মোবিন, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, আলমগীর মজুমদার, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা আবুল হাসান, ডা. আবদুর রব, মোস্তাফিজুর রহমান, আলহাজ একরামুল হক প্রমুখ। বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ। যাত্রবাড়ী থেকে অধ্যক্ষ মাওলান যাইনুল আবেদীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়া মিরপুর, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করে সংগঠনটি।
ছাত্র জমিয়ত : ছাত্র জমিয়ত নেতারা বলেছেন, সর্বত্র আজ মুসলমানরা নির্যাতিত। ইসলাম ও মুসলিম বিদ্বেষী অপশক্তিগুলো ঐক্যবদ্ধভাবে আবার ময়দানে নেমেছে। সময়ের সঠিক সিদ্ধান্ত হবে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ আন্দোলন। বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ-পূর্ব সমাবেশে তারা এসব কথা বলেন। ছাত্র জমিয়ত সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সদস্য মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত সহ-সভাপতি ইমরানুল বারী, সেক্রেটারী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল গাজালি, মহানগর সেক্রেটারি জাকারিয়া সিদ্দিকী প্রমুখ।
ছাত্রমোর্চা : বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্রমোর্চা ঢাকা মহানগর। বিক্ষোভ মিছিলের আগে ইসলামী ছাত্রমোর্চা ঢাকা মহানগরের সভাপতি খোরশেদ আলম বলেন, ৫৬ বছর বয়স্ক কুখ্যাত ইহুদিবাদী নির্মাতা স্যাম ভেসেলি দুই ঘণ্টার এই চলচ্চিত্রটি নির্মাণ করে এদেশের মুসলমানের অন্তরে আঘাত হেনেছে। এ সময় আরও বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জাকারিয়া মাহমুদ, আবদুল আজিজ, নূরে আলম সিদ্দিকী, আবুল হাশেম, আবদুল মতিন, আমিনুল্লাহ, ফয়জাল প্রমুখ। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে হাইকোর্ট হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে সমাপ্ত হয়।