Sunday, September 30, 2012

কক্সবাজারের সহিংসতায় সরকারই মদদ যগিয়েছে: খালেদা জিয়া
















কক্সবাজারের রামু উপজেলায় যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে সরকারই মদদ যুগিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাতে এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, কক্সবাজারের রামু ও সন্নিহিত এলকায় শনিবার রাত থেকে বৌদ্ধ ও হিন্দু মন্দির এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ভাঙচুর লুটতরাজ ও ত্রাস সৃষ্টির ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি এই ঘুণ্য তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন ধর্ম বিশ্বাস ও ধর্মীয় মানুষ আবহমানকাল ধরে শান্তি ও সম্প্রীতির মধ্যে পাশাপাশি বাস করে আসছে। এই ধর্মীয় সম্প্রীতি আমাদের উজ্জ্বল ঐতিহ্যের অংশ। উত্তেজনা উস্কানি ও নৈরাজ্য সৃষ্টি মাধ্যমে যারা এই ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, তারা বাংলাদেশের শত্রু। তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী নয়। কোনো ধর্মপ্রাণ মানুষ কোনো অজুহাতেই এ ধরনের সন্ত্রাস ও হাঙ্গামার পথ বেছে নিতে পারে না।

এই গুরুতর ঘটনার সূত্রপাতের সঙ্গে সঙ্গে আমাদের দলের স্থানীয় সংসদ সদস্য ও অন্যান্য নেতকর্মী ছুটে গিয়ে পরিস্থিতি প্রশমনের সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারেনি। এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

আমি মনে করি সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়মতো উপযুক্ত পদক্ষেপ নিলে এ ধরনের ঘটনা ঘটতে পারতো না। কাজেই তাদের এই শৈথিল্যের কারণ খতিয়ে দেখা খুবই জরুরি।

আমরা জানতে পেরেছি যে ফেসবুকে আপলোড করা ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মতো একটি ছবিকে কেন্দ্র করে রাতের অন্ধকারে মিছিল-সমাবেশ ও হামলার ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা আরও জানতে পেরেছি যে, স্থানীয় বিক্ষুব্ধ জনতার নামে পরিচালিত ওইসব অপতৎপরতায় সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরাই নেতৃত্ব দিয়েছে। সে কারণেই আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো ব্যবস্থা নিতে পারেনি। বিষয়টি গভীর উদ্বেগজনক এবং এর পেছনে একটি অতি সুপরিকল্পিত দুরভিসন্ধি রয়েছে বলে আমরা মনে করি। সকল দিক থেকে ব্যর্থ ও গণবিচ্ছিন্ন হয়ে সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন পথে পরিচালিত ও ঘোলা পানিতে মাছ শিকারের অসৎ উদ্দেশ্যেই এ ধরনের ঘৃণ্য তৎপরতার মদদ যুগিয়েছে বলে আমাদে বিশ্বাস। ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রী ও সরকারি দলের নেতারা বিরোধী দলের দিকে ইঙ্গিত করে যেসব বিত্তিহীন উদ্দেশ্যেমূলক ও আপত্তিকর উক্তি করেছেন, তা থেকেই সরকারেরন হীন মতলব পরিষ্কার হয়ে গেছে। এ ধরণের মন্তব্য সুষ্ঠু তদন্তকে বাধাগ্রস্ত ও বিপথগামী করবে বলে আমরা মনে করি।

বাংলাদেশের শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ মানুষকে আমি এই ঘৃণ্য চক্রান্ত রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। যে কোনো মূল্যে দেশের প্রতিটি অঞ্চলে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির সুমহান ঐতিহ্য অক্ষুন্ন রাখার জন্য আমি দল-মত-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলের প্রতি আমার আহ্বান সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জান-মাল-ইজ্জত-আবরু-সম্পদ ও উপসনালয়কে পবিত্র আমানতের মতো সুরক্ষা করুন।

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের মাধ্যমে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য আমি সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। উপযুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত অপরাধী ও নেপথ্যের উস্কানিদাতাদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। 

অন্তর্বর্তী সরকারপ্রধানে রফিক-উল হকের সম্মতি : রফিক-উল হকের ব্যাপারে বিএনপি রাজি - মোশাররফ

নির্বাচনকালীন সরকারের প্রধান হওয়ার জন্য ব্যারিস্টার রফিক-উল হকের বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
এ ব্যাপারে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে তার দেয়া এ প্রস্তাবে আমাদের কোনো আপত্তি নেই। তাই সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করলে তার এ প্রস্তাব কোনো কাজে আসবে না।
গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত ‘ব্যাংক খাতে দুর্নীতি ও
অনিয়ম : দেশের উন্নয়ন গণতন্ত্র হুমকির মুখে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোশাররফ আরও বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে দেশের জনগণ অংশ নেবে না তার প্রমাণ আজকের গাজীপুরের কাপাসিয়ার নির্বাচন। সেখানে ভোটারশূন্য সব কেন্দ্র খাঁ খাঁ করছে। জানি না দিনের শেষে কোন ডিজিটাল ফলাফল ঘোষণা দেয়া হবে।
তিনি বলেন, দুই দল বসে ব্যারিস্টার রফিকের এ প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যাবে। তবে তার সংলাপের এজেন্ডার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি থাকতে হবে।
হলমার্কসহ সব ক্ষেত্রে সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ গঠন করার কারণে দুর্নীতি হচ্ছে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সরাসরি হস্তক্ষেপ করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঋণ দেয়ার কারণেই হলমার্ক কেলেঙ্কারীর এ ঘটনা ঘটেছে।
তিনি অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে সোনালী ব্যাংকসহ সব ব্যাংক কেলেঙ্কারীর ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।
হলমার্কের এমডি তানভীরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বললেন তানভীরের সঙ্গে হাওয়া ভবনের সম্পর্ক ছিল। তাহলে তিনি কীভাবে এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন? এ সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে সে কারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন ড. মোশাররফ।
প্রধানমন্ত্রীর বিশ্বব্যাংক সংস্কারের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, নিজের মন্ত্রী-এমপিরা দিনে-দুপুরে চুরি করছেন তার সংস্কার না করে তিনি বিশ্বব্যাংক সংস্কারের প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর এমন অসংলগ্ন বক্তব্যে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবিধানিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল ও হেলেন জেরীন খান।

Saturday, September 29, 2012

 মালয়েশিয়ার কূটনীতির ফাঁদে বাংলাদেশ
 



পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন এবং জনশক্তি রফতানির চুক্তি নিয়ে মালয়েশিয়ার কূটনৈতিক দাবার চালে বন্দি হয়ে পড়েছে বাংলাদেশ। পদ্মা সেতু নিয়ে ‘এতদূর’ যাওয়ার পর এখন আবারও বিশ্বব্যাংকের দ্বারস্থ হওয়ার খবরে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশের ওপর নাখোশ হয়েছে। পদ্মা সেতুর অর্থ না নিলে মালয়েশিয়ায় পাঁচ লাখ জনশক্তি রফতানির সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্টদের মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি প্রকাশও করা হয়েছে। সেইসঙ্গে মালয়েশিয়ায় জনশক্তি বাজার খোলার আগেই বাংলাদেশ সরকার ও বায়রার মধ্যে দ্বন্দ্বের বিষয়টিতেও মালয়েশিয়া বিরক্ত বলে সূত্রের খবর।
মালয়েশিয়া পদ্মা সেতুর অর্থায়নের জন্য আগামী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মালয়েশিয়ার বিশেষ দূত এস সামি ভেল্লু। এদিকে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের জনশক্তি রফতানি চুক্তি এগিয়ে নিতে আগামী ২ অক্টোবর কুয়ালালামপুর যাচ্ছে দুই দেশের যৌথ কমিটির

বাংলাদেশের প্রতিনিধি দল। তবে এরই মধ্যে মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামায় শুক্রবার এ চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়া সরকারের সূত্র উল্লেখ করে বারনামা বলে, পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্প নিয়ে মালয়েশিয়া বাংলাদেশে গেছে আমাদের আরেক মুসলিম দেশে সহায়তার সদিচ্ছা নিয়ে। কিন্তু বাংলাদেশ কুয়ালালামপুরের সেই সদিচ্ছাকে অবহেলা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন আমাদের সরকারেরও ভেবে দেখতে হবে বাংলাদেশ থেকে নতুন করে আর জনশক্তি নেওয়া হবে কি না।’ পদ্মা সেতু নিয়ে মালয়েশিয়া সরকারের আশঙ্কার কথা জানিয়ে বারনামা বলে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে এখন হয়তো যেনতেন একটি চুক্তির মুখোমুখি হতে পারে মালয়েশিয়া অথবা তারা এ প্রকল্পে আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারে। এরই মধ্যে মাসের পর মাস বৈঠক হয়েছে। পরামর্শক ফি দিতে হয়েছে। প্রকল্পের উপযুক্ততা যাচাই করতে হয়েছে। এতে বেশ অর্থ ব্যয় হয়েছে মালয়েশিয়ার।’
পদ্মা সেতু নিয়ে গত ২৭ আগস্ট চূড়ান্ত প্রস্তাব দেয় মালয়েশিয়া। সেদিন ঢাকার সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে এই প্রস্তাবের অনুলিপি তুলে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু। সেতুর অর্থ মালয়েশিয়া দিলেও এর নির্মাণকাজ করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ইঞ্জিনিয়ারিং। গত ৩১ জানুয়ারি ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল পদ্মা সেতুতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করে। এরপর গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে সরকার।
বিষয়গুলো নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার একেএম আতিকুর রহমান গতকাল জানান, মালয়েশিয়ার অর্থায়ন নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি। আলোচনা চলছে। পদ্মা সেতুর অর্থ না নিলে জনশক্তি রফতানি বাধার মুখে পড়বে বলে আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। এদিকে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি নিয়ে দুই দেশের মধ্যে গঠিত যৌথ কমিটির বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আগামী ২ অক্টোবর কুয়ালালামপুর যাচ্ছে। সেখানে জনশক্তি আমদানি-রফতানির বিষয়ে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার কথা বলে জানান প্রতিনিধি দলের সদস্য এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার। তিনি বলেন, মালয়েশিয়ার যৌথ কমিটির প্রথম বৈঠক গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ায় এবারের বৈঠকে বাংলাদেশ বর্তমানে কতজন কর্মী মালয়েশিয়ায় পাঠানোর জন্য প্রস্তুত, এর মধ্যে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী সংখ্যা কত, কোন পেশার কতজন কর্মী রয়েছেন, কোন পদ্ধতিতে বাংলাদেশ তাদের পাঠাবে-এসব খুঁটিনাটি বিষয় নিয়ে মালয়েশিয়ায় আলোচনা হবে। এই যৌথ কমিটি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করার কথা। ২০০৭ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রফতানি বন্ধ আছে। এবার নিষেধাজ্ঞা তোলার পাশাপাশি এদেশ থেকে পাঁচ লাখের মতো কর্মী নেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়।
খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক ব্যারিস্টার রফিকের



বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দুই ঘণ্টার একান্ত বৈঠক করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

শনিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এই বৈঠক হয়।
রাত ৮টা ১০ মিনিটে রফিক-উল হক খালেদা জিয়ার বাসভবনে যান। সেখান থেকে বের হন রাত ১০টা ১০ মিনিটে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।


এদিন সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে নির্বাচনকালীন সরকারের প্রধান হতে প্রস্তাব এলে তা গ্রহণে আপত্তি নেই জানিয়ে সারাদিন আলোচনায় ছিলেন প্রবীণ এই আইনজীবী।


সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তচিন্তা ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের জনগণের স্বার্থে দুই নেত্রীকে একসঙ্গে বসানোর ‘উদ্যোগ’ নেবেন।


নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থান যেন সংঘাতে দিকে না যায়, সে জন্য সংলাপের গুরুত্ব তুলে ধরে রফিক-উল হক বলেন, “কথা বলে দেখি। দুই নেত্রী দেশকে ভালবাসে না, গণতন্ত্রে বিশ্বাস করে না- এটা আমি বিশ্বাস করি না।


“একজনের সঙ্গে আজ দেখা হওয়ার কথা। আরেকজনের সঙ্গে কথা বলা যেতে পারে।”

Friday, September 28, 2012

বিশ্বব্যাংকের সংস্কার চাইলেন শেখ হাসিনা : বিএনপি-জামায়াতের মদদে জঙ্গিবাদ বিস্তারের অভিযোগ

বিশ্বব্যাংক, আইএমএফসহ বহুজাতিক দাতা সংস্থাগুলোর সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু কেলেঙ্কারি নিয়ে বর্তমান সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের টানাপড়েনের মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তিনি এ আহ্বান জানান। পাশাপাশি জাতিসংঘের সংস্কারেরও দাবি করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার) নিউইয়র্কে জাতিসংঘে বিশ্বনেতাদের এই সভায় ভাষণে প্রধানমন্ত্রী বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গিবাদে মদত দেয়ার অভিযোগ তোলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে সংঘটিত কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে নালিশ জানালেন যে, দেশ থেকে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার জন্যই বিএনপি-জামায়াত জোট এসব বোমা হামলা ঘটিয়েছে। বহুল আলোচিত একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাও জাতিসংঘে তুলেছেন তিনি।
ভাষণে শেখ হাসিনা বলেন, ‘আমি জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতিসংঘ, ব্রেটন উডস্ ইনস্টিটিউশনস্ ও অন্যান্য বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে পুনরায় গুরুত্ব আরোপ করছি।’ সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এসব প্রতিষ্ঠানের কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ৬০ বছরের পুরনো ক্ষমতার সমীকরণের প্রতিফলন। অধিকাংশ দেশের স্বার্থ উপেক্ষিত থাকে এবং কয়েকটি বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের স্বার্থ রক্ষা হয়।’
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে বিশ্ব অর্থনীতিকে পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করতে জাতিসংঘ আয়োজিত ‘ব্রেটন উডস্ কনফারেন্স’ নামের এক সম্মেলনে ১৯৪৪ সালে বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠা করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার হত্যাকাণ্ড, পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা এবং তাদের দু’বোনের বেঁচে যাওয়ার ঘটনা উল্লেখ করেন। এসব বোমাবাজি ও হত্যাকাণ্ডের কারণেই তার সরকার সন্ত্রাস ও সব ধরনের চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও বিশ্বনেতাদের জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নগ্ন অবিচার, হত্যা, নির্যাতন ও অবমাননাকে মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বর্ণনা করে এসব ঘটনা সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে বলে মতপ্রকাশ করেন। ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি সমস্যা ও একই ধরনের জ্বলন্ত ইস্যুগুলোর আশু সমাধান জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
সন্ধ্যা ৭টা ১২ মিনিট থেকে ৭টা ৩৫ পর্যন্ত বাংলায় ২৩ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন বিষয়ে সাফল্য দাবি করে বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন শক্তিশালী করেছি। জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে মানবাধিকার, জবাবদিহিতা, ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক মাল্টি-মোডাল সংযোগ নিয়ে অগ্রসর হচ্ছি। নির্বাচন কমিশন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ায় এ পর্যন্ত অনুষ্ঠিত ৫ হাজার ১৮২টি নির্বাচন সম্পূর্ণ অবাধ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে মিডিয়া এখন সম্পূর্ণ স্বাধীন। এ প্রসঙ্গে তিনি দেশে কতটি টিভি চ্যানেল, বার্তা সংস্থা, পত্রিকা, এফএম রেডিও এবং কমিউনিটি রেডিও স্টেশন রয়েছে তারও পরিসংখ্যান জাতিসংঘে পেশ করেন। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর ভাষণ তাত্ক্ষণিক ইংরেজিতে অনুবাদ করা হয় যা এয়ারফোনের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুনতে পান।
ভাষণের সময় বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আসা শতাধিক প্রতিনিধি ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা দর্শক-শ্রোতার সারিতে বসে মুহুর্মুহু করতালি দিয়ে প্রধানমন্ত্রীর ভাষণকে অভিনন্দিত করেন। তবে জাতিসংঘের মতো ফোরামে প্রদত্ত ভাষণে জনসভার বক্তৃতার আদলে নজিরবিহীনভাবে নিজ দেশের রাজনৈতিক প্রতিপক্ষের নাম ধরে বিষোদ্গার করা, সরকারের ‘সাফল্যে’র ফিরিস্তি দেয়ার সমালোচনা করতে শোনা গেছে অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে আসা বাংলাদেশী সাংবাদিকসহ অনেককে। এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন বহুবার জাতিসংঘ অধিবেশনের সংবাদ কভারকারী নিউইয়র্কে কর্মরত বাংলাদেশী একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক।
এদিকে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দফতরের কাছে বিক্ষোভ করেছে বিএনপি। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বিক্ষোভকালে বিএনপি নেতাকর্মীরা ‘চোর চোর বিশ্বচোর, শেখ হাসিনার গোষ্ঠী চোর’, ‘হাসিনা চোর রেহানা চোর—শেখ হাসিনার গোষ্ঠী চোর’, ‘জয় চোর পুতুল চোর—শেখ হাসিনার গোষ্ঠী চোর’, ‘পদ্মা সেতুর টাকা চোর’, ‘সোনালী ব্যাংকের টাকা চোর’ ‘শেভরনের ঘুষখোর’ ইত্যাদি স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করে তোলেন। অন্যদিকে অদূরেই কিছু সময়ের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মিছিল-সমাবেশ করেন। উভয়পক্ষ যাতে মুখোমুখি না হয়, সেজন্য বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। প্রধানমন্ত্রী ভাষণ শেষে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবেশের সময় আল্লামা সাঈদী মুক্তি পরিষদের নামে হোটেলের সামনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ফিলিস্তিনে হত্যা-নির্যাতনের প্রতিবাদের সঙ্গে যুক্ত করে বিএনপি-জামায়াতের বিগত শাসনে জঙ্গিবাদ বিস্তারের অভিযোগ করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তখন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জেএমবি, হরকাতুল জিহাদ, হিযবুত তাহ্রীর, লস্কর-ই-তৈয়বাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী প্রায় প্রতিদিনই বোমা ও গ্রেনেড হামলা চালাত। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল দেশ থেকে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করা। এসব সন্ত্রাসী হামলার মধ্যে আছে, ২০০২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহের পাঁচটি সিনেমা হলে বোমা হামলায় ১৯ জন নিহত, ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা, ২০০৫ সালের ১৭ আগস্ট আধাঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলার পাঁচশ’ স্থানে বোমা বিস্ফোরণ। গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী ও এসকাপের প্রাক্তন নির্বাহী পরিচালক এসএএমএস কিবরিয়া এমপি, শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার এমপি, মমতাজ উদ্দিন এমপি ও কোর্ট চত্বরে দু’জন জনপ্রিয় বিচারক হত্যা।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমিও ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাসী গোষ্ঠীর এক ভয়াবহ গ্রেনেড আক্রমণের শিকার হই। তখন আমি ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত জনসভায় ভাষণ দিচ্ছিলাম। এতে ২৪ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। প্রায় পাঁচশ’ জন আহত হয়েছেন। আমি অলৌকিকভাবে বেঁচে যাই।’
শেখ হাসিনা সব দেশে শ্রমিকের অবাধ চলাচল নিশ্চিতের বিষয়গুলো নিয়ে আলোচনার কথা বলেন। শ্রমিক প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর সুবিধা নিশ্চিতে ডব্লিউটিও’র চুক্তি জিএটিএস দ্রুত বাস্তবায়নের তাগিদও দেন তিনি। তিনি বলেন, নিরাপদ অভিবাসন এবং নারীসহ অভিবাসী কর্মজীবীদের অধিকার সংরক্ষণে অভিবাসী প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর যৌথ দায়িত্ব ডব্লিউটিও নীতির অংশ করা উচিত।
শেখ হাসিনা মনে করেন, নতুন সহস্রাব্দে বেশকিছু রাষ্ট্র এবং বিশ্বায়ন একটি পরিবর্তিত বিশ্বব্যবস্থা গড়ার সুযোগ এনে দিয়েছে। জাতিসংঘে উপস্থিত বিশ্বনেতাদের উদ্দেশে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, ‘আজ আমরা ন্যায়বিচার, সমতা, গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারছি। এ সবই আমাদের অগ্রাধিকার। এজন্য অতীতের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলে সবাইকে এক লক্ষ্যে কাজ করতে হবে।
জাতিসংঘের ৬৭তম অধিবেশনে ভাষণ দিতে দাঁড়িয়ে শেখ হাসিনা শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের সভাপতি হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দেয়ার জন্য নাসির আবদুল আজিজ আল-নাসেরকে এবং জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে ধন্যবাদ জানান। বিশ্ব গণজাগরণ, আন্তঃদেশীয় সংঘর্ষ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, বৈশ্বিক আর্থিক সঙ্কট, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা, মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদের মতো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের সমন্বিত উদ্যোগের প্রয়োজনের কথা উল্লেখ করে শেখ হাসিনা এবারের আলোচনার মূল প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ বা পরিস্থিতি নিষ্পত্তিকরণ’-এর প্রশংসা করেন।
শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘আজ থেকে ৩৮ বছর আগে এ মঞ্চে দাঁড়িয়েই ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়’, ‘সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান’, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগের অবসান’ এবং ‘বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় অবদান’-এর ঘোষণা দিয়েছিলেন।’ বাবার এই নীতিই তাকে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদনে এবং ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বর্ডার গার্ড বিদ্রোহ সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের প্রেরণা জুগিয়েছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ৪১ বছরের পুরনো বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার কথাও তিনি উল্লেখ করেন।
ভাষণে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের উন্নয়ন উদ্যোগগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে দারিদ্র্য, সম্পদহানি ও মানব স্থানচ্যুতি হচ্ছে, যা সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে। সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির ফলে স্থানচ্যুত অভিবাসীরা গণআন্দোলন সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি নতুন ‘আইনগত ব্যবস্থা’ গ্রহণের তাগিদ দেন যা জলবায়ু অভিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি কর্মকাণ্ডের জন্য ‘গ্রিন ক্লাইমেট ফান্ডে’র দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বনেতাদের তিনি সতর্ক করে দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি ব্যাপক অশান্তির সৃষ্টি করতে পারে, যা স্বল্পোন্নত দেশগুলোর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য উন্নত ও উন্নয়নশীল বিশ্বের বাজারে এলডিসি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং ওডিএ প্রতিশ্রুতি পূরণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, শান্তির প্রতি আমাদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের আরেকটি প্রমাণ হচ্ছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা অন্যতম সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। তার ভাষায়, একমাত্র ন্যায়বিচারের মাধ্যমেই শান্তি নিশ্চিত করা সম্ভব, যা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের পর্যায়ক্রমিক অনুপস্থিতিকে সামাজিক অবিচার, দারিদ্র্য, বৈষম্য, বঞ্চনা এবং অসহায়ত্বের কারণ হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি চরমপন্থা ও সন্ত্রাসবাদের জন্ম দেয়।’

নির্দলীয় সরকার পুনর্বহাল না হলে ১/১১-র চেয়েও ভয়াবহ অবস্থা হতে পারে : ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন না হলে ওয়ান-ইলেভেনের চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে সরকারকে হুশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
‘দেশ আর এক-এগারোতে ফিরে যেতে চায় না’—নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, ওয়ান-ইলেভেনের পরের সরকার তত্ত্বাবধায়ক ছিল না, তা ছিল সেনা সমর্থিত সরকার। তাই ওই সময়ের অবস্থা আর যাতে না হয়, সেজন্য অবিলম্বে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন। নইলে এক-এগারোর চেয়ে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক শাসন বলবত্ রাখতে চাই। বিগত চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে লগি-বৈঠা দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাস সৃষ্টি ও সব শেষে নির্বাচন বর্জনে দেশে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হলে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় ড. ফখরুদ্দীন নেতৃত্বাধীন সরকার। ওই সরকারের দুই বছরে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ বহু রাজনীতিবিদকে কারাগারে যেতে হয়।
সে সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় বলেন, দেশের মানুষ আর ওয়ান-ইলেভেনের অবস্থায় ফিরে যেতে চায় না। ওই সময়ে ফখরুদ্দীন আহমদের সরকার ক্ষমতা আকড়ে রাখতে চেয়েছিল। এজন্য তারা অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া বলেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন না হলে জনগণ তা মানবে না।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ রায়ের সমালোচনা করে আইনজীবী ব্যারিস্টার রফিকুল বলেন, সংক্ষিপ্ত রায়ের সঙ্গে ১৬ মাস পরে দেয়া পূর্ণাঙ্গ রায়ের কোনো মিল নেই। এ রকমভাবে রায় পাল্টানোর নজির বিশ্বে নেই। এতে বিচার বিভাগের স্বাধীনতাও খর্ব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সরকার সংবিধানে সংযোগ করেছে। এ বিধানে নির্বাচন জনগণ মেনে নেবে না।
‘প্রতিহিংসার রাজনীতি : অতীত ও বর্তমান প্রেক্ষাপটে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিম। এতে আরও আলোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন হ এহছানুল হক মিলন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।
নির্দলীয় সরকারের দাবি না মানলে আন্দোলনেই ফয়সালা : জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে যুব জাগপার উদ্যোগে ‘তত্ত্বাবধায়ক সরকার, বিচারিক রায়, নির্বাচনের ভবিষ্যত্ : দেশ আজ কোনো পথে’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, নির্দলীয় সরকারের দাবি সরকার না মানলে আন্দোলনেই এর ফয়সালা হবে।
তিনি বলেন, এ সরকারকে জনগণ সমুচিত জবাব দেবে।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ব্রিটিশ আদালতের রায়ে পাকিস্তান হয়নি; তেমনি পাকিস্তান আদালতের সম্মতিতেও বাংলাদেশ সৃষ্টি হয়নি। রাজনীতির ফয়সালা ইনশাল্লাহ রাজনীতির ময়দানেই হবে। সরকারকে নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করা হবে।
সংগঠনের সভাপতি ইনসান আলম আক্কাসের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, আবু মোজাফফর মোহাম্মদ আনাস, আসাদুর রহমান খান, ইকবাল হোসেন প্রমুখ।